শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
শনিবার (১২ জুলাই) বিকেলে মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সমন্বয় সভায় বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, "এই মুহূর্তে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি। প্রতিটি ইউনিয়নে আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হবে এবং জনগণের আস্থা ফিরে পেতে হবে।"
প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, "আসন্ন রাজনৈতিক সময় খুবই গুরুত্বপূর্ণ। দমন-পীড়ন, মামলা-হামলার ভয় উপেক্ষা করে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। সেই লক্ষ্যে সংগঠনকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তৃণমূলই হচ্ছে দলের প্রাণ, তাই ইউনিয়ন পর্যায় থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।"
সভায় বক্তারা সরকারের নানা অনিয়ম, অব্যবস্থা ও নিপীড়নের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থা নিয়ে এক খোলামেলা আলোচনা হয়।